শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রানার্সআপ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা ফাবিহা লামিছা। ফাইল ছবি

যুক্তি-তর্কের জমজমাট লড়াইয়ে চুয়াডাঙ্গায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর অসাধারণ বাচনভঙ্গি, যুক্তিনির্ভর বক্তব্য ও তাৎক্ষণিক চিন্তাশক্তির স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের দলনেতা ফাবিহা লামিছা।

বৃহস্পতিবার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা খাতুন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আব্দুল মালিক বারি বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

দিনভর বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের যুক্তি, পাল্টা যুক্তি, তাৎক্ষণিক চিন্তাশক্তি ও বাচনভঙ্গিতে প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত। যুক্তির ধার ও উপস্থাপনার দক্ষতায় নিজেদের মেলে ধরেন প্রতিযোগীরা। শেষ পর্যন্ত সেরা দল হিসেবে চ্যাম্পিয়নের মুকুট ওঠে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাথায়। রানার্সআপ হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম তারিক উজ জামান। বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা খাতুন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।

সুহৃদ সমাবেশের সভাপতি শাহাজান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন জহির রায়হান, হাফিজুর রহমান কাজল ও জহির রায়হান সোহাগ। সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ।

অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সুন্দর ও সাবলীলভাবে নিজের মতামত প্রকাশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন মিরাজুল ইসলাম মিরাজ। আয়োজনে সহযোগিতা করেন সুহৃদ সদস্য আবু তালহা ও জহিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।