সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নাটকীয় গ্রেপ্তার: সংবাদ সম্মেলনে যাওয়ার পথে আটক এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

তারেক রেজা

ঝিনাইদহে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে ফ্যামিলি জোন মিলনায়তনে পৌঁছান তারেক রেজা। ঠিক সেই মুহূর্তেই চারদিক ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান, সাদা পোশাকের বিশেষ টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। মুহূর্তেই পুরো এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, শনিবার দায়ের হওয়া মামলায় তারেক রেজাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২২ মে। ওইদিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে জুমার নামাজের পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই রাজনৈতিক পাল্টাপাল্টি মামলার লড়াই শুরু হয়। প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সর্বশেষ তারেক রেজার গ্রেপ্তারের ঘটনায় ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।