অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল দুজনের। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইফতেখার মাহমুদ (৩৬) ও তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।
কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ইফতেখার মাহমুদ মিরপুর থানার একটি বিচারাধীন মামলায় কারাবন্দি ছিলেন। তার বন্দি নম্বর হাজতি-২৯৬৯২/২৬।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থাকাকালে অসুস্থ হয়ে পড়লে গত ১৯ সেপ্টেম্বর কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ইফতেখার মাহমুদ মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামে অপর এক কারাবন্দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কারাসূত্র জানিয়েছে, তোফাজ্জল হোসেন পলাশ দারুস সালাম থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর কয়েদি-৪৫৬৫/এ।
তোফাজ্জল হোসেন পলাশ মিরপুরের দারুস সালাম থানার বাঘবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে।
দুই কারাবন্দির মৃত্যুর ঘটনায় তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
