ফাইল ছবি
দেশে ভয়াবহ আকার নিচ্ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ শিশু। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে আরও ৭৫ শিশু। প্রতিদিনের এই মৃত্যুমিছিল জনমনে বাড়িয়ে তুলছে আতঙ্ক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৪২ হাজার ৯২ শিশুকে। যদিও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ শিশু।
এদিকে একই সময়ে দেশে মোট ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞদের মতে, টিকাদানের ঘাটতি, অভিভাবকদের অসচেতনতা এবং সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তারা সতর্ক করে বলছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং সারাদেশে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
দেশের শিশুদের সুরক্ষায় এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
