সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক দক্ষ সার্জন ও অধ্যাপক থাকলেও দীর্ঘমেয়াদি ও কার্যকর কোনো ‘ভিশনারি প্ল্যানিং’ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘রোগীদের সেবায় যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা এবং চিকিৎসা খাতে নানা উদ্যোগ নিয়েছে। এছাড়াও স্বাস্থ্যের উন্নয়নে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত বাজেটকে যথাযথ ব্যবহার করতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সময়ে কার্ডিয়াক রোগের সংখ্যা বাড়ছে। বাস্তবতার নিরিখে এখন হার্টের বিভিন্ন ধরনের চেকআপ করাতে আর দেশের বাইরে যেতে হয় না। দেশের সার্জন এবং প্রফেসরদের কাজে লাগাতে হবে।’
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘মূলত, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ওপেন-হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই দিনটি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছর পূর্ণ করলো।’
তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিদ্যমান চিকিৎসক, সার্জন ও অধ্যাপকদের দক্ষতা ও অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা।
