কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ সেপ্টেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চৌকস বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা বজায় রাখতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
সীমান্তে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
