শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ গণপূর্তে ‘সিন্ডিকেট সাম্রাজ্য’! নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, বেনামী ঠিকাদারি ও অনিয়মের বিস্ফোরক অভিযোগ

আবদুর রহমান
জুলাই ২৪, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগে উন্নয়ন প্রকল্পকে ঘিরে সংঘবদ্ধ সিন্ডিকেট, বেনামী ঠিকাদারি, পার্সেন্টেজ বাণিজ্য, ডিজিটাল কারসাজি এবং কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেটের কারণে বিভাগটির উন্নয়ন কার্যক্রম কার্যত মুখ থুবড়ে পড়েছে। সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও উঠেছে বড় ধরনের প্রশ্ন।

অনুসন্ধানে পাওয়া তথ্যমতে, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ নিজেই বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অতীতেও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলেও রাজনৈতিক প্রভাব ও অবৈধ অর্থের জোরে তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করে আসছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

আওয়ামী লীগ ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ

অভিযোগ রয়েছে, বর্তমান জাতীয়তাবাদী সরকারের সময়েও তিনি বেছে বেছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বা পূর্বপরিচিত ঠিকাদারদের কাজ পাইয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দিলেও প্রকৃতপক্ষে সেই কাজ নিজেই নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করছেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

এমনই এক ঘটনায় রাজশাহীর পরিচিত প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স কনস্ট্রাকশন-কে ২০২৫-২০২৬ অর্থবছরে OTM Tender ID: 1203183 এর মাধ্যমে ১১ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫৭৬.৫০৩ টাকা চুক্তিমূল্যের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের অবশিষ্ট সিভিল, অভ্যন্তরীণ স্যানিটারি, বৈদ্যুতিকরণ, সংযোগ করিডোর, সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, ডিজিটাল কারসাজির মাধ্যমে কার্যাদেশ দেওয়া হয় এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণসহ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন না হলেও চলতি বছরের জুন মাসেই বাস্তব কাজের তুলনায় অতিরিক্ত বিল পরিশোধ করা হয়েছে।

আলীগঞ্জ আবাসন প্রকল্পেও অনিয়মের অভিযোগ

একই প্রতিষ্ঠানের অনুকূলে ১৮ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার ৭৭৭.৮১১ টাকা চুক্তিমূল্যের আলীগঞ্জ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্পে সিডিউল এলাইনমেন্টে পরিবর্তন, ডিজাইন বহির্ভূত নির্মাণকাজ এবং নিম্নমানের কাজ করার অভিযোগও পাওয়া গেছে।

মডেল মসজিদ প্রকল্পেও কারসাজির অভিযোগ

OTM Tender ID: 1243461 এর মাধ্যমে ৯ লাখ ৫৪ হাজার ৫০ টাকা মূল্যের ক্রোকারিজ সরবরাহের কাজ সাবেক ছাত্রলীগ নেতা দীন মোহাম্মদের মালিকানাধীন এস.এ. এন্টারপ্রাইজ-এর নামে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় প্রকল্পটির কাজ বাস্তবে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ নিজেই নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করেছেন।

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৩১ কোটি টাকার প্রকল্পেও প্রশ্ন

২০২৫-২০২৬ অর্থবছরে OTM Tender ID: 1072063 ব্যবহার করে ৩১ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা চুক্তিমূল্যের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প মেসার্স এম.এন. হুদা কনস্ট্রাকশন লিমিটেড-কে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, পাম্প হাউস, ওয়াকওয়ে, ড্রেন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক, তীর সংরক্ষণ, ঘাটলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও ২০২৬ সালের জুনেই পুরো বিল পরিশোধ করা হয়েছে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

অভিজ্ঞতা ছাড়াই ঠিকাদার নির্বাচন

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র নির্বাহী প্রকৌশলীর ঘনিষ্ঠ হওয়ায় মেসার্স লিংকার্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল-কে ১৯ লাখ ৮১ হাজার ১৬৮.১৩৪ টাকা চুক্তিমূল্যের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে গভীর নলকূপ সরবরাহ ও স্থাপনের কাজ দেওয়া হয়েছে।

একাধিক বড় প্রকল্পে জালিয়াতির অভিযোগ

একই অর্থবছরে—

ইকবাল ব্রাইট জেভি-কে ১১ কোটি ৫০ লাখ ১৫ হাজার ২৮৬.৬৮৪ টাকা মূল্যের নার্সিং কলেজ নির্মাণকাজ।

স্টারলাইট সার্ভিসেস লিমিটেড ও মেসার্স নাইমা এন্টারপ্রাইজ জেভি-কে ১০ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ৮৩৮ টাকা মূল্যের আড়াইহাজার থানা ভবন নির্মাণ।

ন্যাশনাল কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স (এনসিবি)-কে ৩৯ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা মূল্যের জেলা প্রশাসকের রেকর্ড রুম সংস্কার কাজ।

এসব প্রকল্পেও টেন্ডার কারসাজি, নিম্নমানের নির্মাণ, অতিরিক্ত বিল এবং ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন বঞ্চিত কয়েকজন ঠিকাদার।

আরএফকিউ টেন্ডারে অর্ধকোটি টাকা লোপাটের অভিযোগ

অনুসন্ধানে আরও জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কোটেশনভিত্তিক RFQ পদ্ধতির অসংখ্য ছোট ছোট কাজের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এপিপি তালিকায় ১৭টি RFQ কাজ থাকলেও ই-জিপিতে পাওয়া গেছে মাত্র ১২টি টেন্ডার। এসব কাজের অধিকাংশের মূল্য প্রায় তিন লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ।

নারায়ণগঞ্জ কারাগার, সরকারি কোয়ার্টার, বন্দর ফায়ার সার্ভিস, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মীর জুমলা কোয়ার্টার, নির্বাহী প্রকৌশলীর বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয়, ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, ড্রেন পরিষ্কার, সেপটিক ট্যাংক সংস্কার, স্যানিটারি মেরামত ও আবর্জনা অপসারণের নামে একের পর এক RFQ কাজ দেওয়া হয়েছে মেসার্স পদ্মা কনস্ট্রাকশন, ইভা বিল্ডার্স, মাতৃছায়া কনস্ট্রাকশন, এস.এন. ট্রেডার্স, এন. ইসলাম ট্রেডার্স, কুঁড়ে ঘরসহ কয়েকটি প্রতিষ্ঠানের অনুকূলে।

অভিযোগকারীদের দাবি, এসব কাজের অধিকাংশই বাস্তবে সম্পন্ন না করেই পুরো বিল উত্তোলন করা হয়েছে এবং বরাদ্দের অর্থ সিন্ডিকেটের মাধ্যমে ভাগ-বাটোয়ারা করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জন, বেনামী ঠিকাদারি, পার্সেন্টেজ বাণিজ্য, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ঠিকাদারদের পুনর্বাসন এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের।

এর আগে রাজশাহীতে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। এছাড়া হোয়াটসঅ্যাপেও ক্ষুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার মন্তব্য সংযোজন করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলবে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ