শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমণি ইস্যুতে আলোচিত সেই এডিসি সাকলায়েন বাধ্যতামূলক অবসরে, সরকারি প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
জুন ১৮, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোলাম সাকলায়েন শিথিল ও চিত্রনায়িকা পরীমণি

চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে আলোচিত বিতর্কিত ঘটনার জেরে অবশেষে চাকরি হারালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন। সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির ডিবি গুলশান বিভাগে কর্মরত থাকাকালে এডিসি সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ‘নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদ্‌যাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে একাধিক সময় একসঙ্গে অবস্থানের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এই ঘটনার পর ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। দীর্ঘ তদন্ত, ব্যক্তিগত শুনানি ও অভিযোগের জবাব গ্রহণ শেষে তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন।

পরবর্তীতে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হয়। পিএসসি-ও তাঁর বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ গুরুদণ্ড আরোপের সুপারিশ করে।

সব প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি গত ১৭ জুন এই শাস্তির অনুমোদন দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী মো. গোলাম সাকলায়েনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এভাবে দীর্ঘ তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে আলোচিত এই ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাল সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।