মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে জমি দখলকে কেন্দ্র করে তাণ্ডব: বাড়িতে হামলা, নারীর ওপর নির্যাতন, আটক ১

আবু সাঈদ চৌধুরী
মে ১৯, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইলের বিন্দান এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ এ হামলার ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী মোঃ বায়েজীদ মিয়া (৫৬) বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ১ থেকে ১৩ নম্বর অভিযুক্তসহ আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর বড় বোন ফজিলা বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকে শ্লীলতাহানির পাশাপাশি লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়। এতে তার পায়ের গোড়ালিতে গুরুতর জখম ও হাড় ভেঙে যায়। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় অবশেষে গত ১৮ মে সোমবার পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বায়েজীদ মিয়া। একই দিনে থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। ১৮ মে দুপুরে মামলার ১ নম্বর আসামি ফিরোজ মিয়াকে আটক করা হয়। আটক ফিরোজ মিয়া পূবাইলের বিন্দান এলাকার বাসিন্দা।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন— আবুল হোসেন, জাকির, আতাবর, মোছেন আলী, ইলিয়াস, ইয়াসিন, পারভেজ, রেজাউল, ইয়াকুব আলী, সেকান্দর আলী, রাহেলা খাতুন ও ময়ফুল বেগম। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, ভূমিদস্যুতা ও জমি দখলকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।