শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় উত্তেজনা: জামায়াত এমপি মাছুম মোস্তাফা অবরুদ্ধ, গাড়িতে হামলা-ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙচুর করা গাড়ি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের মাছুম মোস্তাফা–কে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় তার ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের গিরিপথ ফিলিং স্টেশনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন লোক এমপির গাড়ি ঘিরে ধরে হামলা চালায় এবং তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি মাছুম মোস্তাফা তেল নিতে পাম্পে গেলে অতর্কিতভাবে তার গাড়িতে হামলা চালানো হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম। পরে প্রশাসনের হস্তক্ষেপে এমপিকে নিরাপদে উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে এমপি মাছুম মোস্তাফা অভিযোগ করে বলেন, বিএনপির কিছু লোক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। প্রথমে তার গাড়ি ভাঙচুর করা হয়, পরে তার ওপরও আক্রমণের চেষ্টা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তাদের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তার দাবি, তেল নেওয়া নিয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে এমপির লোকজনের কথা কাটাকাটি থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানান, পাম্পে তেল নিতে গিয়ে কিছু ব্যক্তি এমপির গাড়িতে হামলা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান বলেন, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে এমপি ও তার গাড়ি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই পূর্বধলা জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ, যে কোনো সময় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।