রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত আলহাজ্ব ফিরোজ মাস্টার খানের স্মরণে শোকাবহ স্মরণসভা ও দোয়া মাহফিল ‘মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জনদরদী এই রাজনীতিক’

আবু সাঈদ চৌধুরী
মে ৩০, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পুবাইলের জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক পুবাইল ইউনিয়ন বিএনপির সফল সভাপতি এবং সমাজসেবক প্রয়াত আলহাজ্ব ফিরোজ মাস্টার খান সাহেবের স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ মে শুক্রবার বাদ মাগরিব পুবাইলের ঐতিহ্যবাহী ভাদুন খান বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে শোকাবহ ও স্মৃতিময়।

অনুষ্ঠানে খান পরিবারের পক্ষ থেকে মরহুম ফিরোজ মাস্টার খানের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়। বক্তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদার আসন দান করেন।

স্মরণসভায় বক্তারা বলেন, ফিরোজ মাস্টার খান ছিলেন একজন অসাধারণ মানবিক গুণসম্পন্ন ব্যক্তি, যিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ছিলেন সমানভাবে শ্রদ্ধেয় ও প্রিয় মুখ।

শিক্ষকতা, সমাজসেবা এবং রাজনৈতিক অঙ্গনে তার অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল, সৎ ও নিঃস্বার্থ একজন মানুষ। জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বক্তারা আবেগভরা কণ্ঠে বলেন, “এমন মানুষ সমাজে বারবার জন্ম নেয় না; তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে মরহুমের বড় ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সিরাজুল ইসলাম সিকদার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, তার ছোট ভাই মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। একই সঙ্গে তিনি তার আরেক ভাই আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুলের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং তাকে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব প্রার্থী হিসেবে মূল্যায়ন করেন।

তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই হওয়া উচিত আমাদের প্রধান দায়িত্ব।

স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ (৪২ নম্বর ওয়ার্ড), সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি (৪০ নম্বর ওয়ার্ড), বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিসেন্ট কেমিক্যাল প্রা. লি.-এর পরিচালক সাইফুল ইসলাম খান, ডা. আফজাল হোসেন খান, রাশেদ মোল্লা, ভাদুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকরাম মাস্টার, পুবাইল সাংবাদিক ক্লাবের সাংবাদিক আক্তার হোসেন, হারেজ আলী, জাতীয় শ্রমিক দল পুবাইল থানার সভাপতি আকরাম হোসেন, শ্রমিক দলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, পুবাইল থানা বিএনপির সদস্য আফজাল হোসেন, মজিবুর রহমানসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভা ও দোয়া মাহফিল শেষ হয় মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় একজন জনদরদী মানুষকে, যিনি তার কর্ম ও মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে আজও অমলিন হয়ে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।