প্রতীকী ছবি
ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির কাছে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগ বস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁ বিবাহিত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় ডেকোরেটরের শ্রমিক।
স্থানীয়রা আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়।
আদালত এলাকা থেকে তুলে নেওয়ার অভিযোগ
আহত বাচ্চু খাঁর ভাই ও ডেকোরেটর শ্রমিক মো. বাদল খাঁ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে শহরের আদালত পাড়া এলাকায় গিয়েছিলেন বাচ্চু। সেখান থেকে অন্তত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তাঁকে জোরপূর্বক তুলে নেয়।
পরে একটি ইজিবাইকে করে তাঁকে কোর্ট এলাকা থেকে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু খাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ করেন বাদল খাঁ।
ঘটনার তথ্য জানা নেই পুলিশের
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রকাশ্য দিবালোকে কোর্ট এলাকা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
