বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ খসে পড়ার পর কক্ষজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টার ও সিলিংয়ের অংশ। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ হঠাৎ ধসে পড়ে জরুরি বিভাগের চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন। এ সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছর পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের প্লাস্টার খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টারসহ প্লাস্টিকের বোর্ড জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর ধসে পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন।

ছাদ ধসে পড়ার আকস্মিক ঘটনায় জরুরি বিভাগে থাকা রোগী ও স্বজনদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

আহতদের তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে।

প্রায় সাত দশকের পুরোনো ভবনের জরুরি বিভাগের ছাদ ধসে পড়ার ঘটনায় হাসপাতালের অবকাঠামোগত নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ