রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

দিনাজপুর ফুলবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় মোঃ হাবিবুর রহমান (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ফুলবাড়ী উপজেলার বারাইহাটখোলার প্রফেসরপাড়ার আব্দুর সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে হাবিবুর রহমান সড়ক পার হচ্ছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। সড়কে স্পিড ব্রেকার নির্মাণ ও দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসটি আটকের দাবিতে তারা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজটের।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়দের স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেলেও পরে আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।