মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা, শহরে বাড়তে পারে ১৮ পয়সা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

বিআরটিএ সূত্র জানায়, বাসের ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহণ মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন আকারে নতুন ভাড়া প্রকাশ করা হবে।

বাসের ভাড়া নির্ধারণে বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। সাধারণত জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে অন্যান্য পরিচালন ব্যয়ও হিসাবের আওতায় নেওয়া হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, মূলত সেই অনুপাতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি প্রায় এক পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতেই দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

এর আগে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠকের আগে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা সড়ক পরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করেন। সেখানে তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া বাড়ানোর আবেদন জানান।

জানা গেছে, দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২০ পয়সা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। আর শহরাঞ্চলে কিলোমিটারপ্রতি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১৮ পয়সা।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য খরচও বেড়েছে। সেসব বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানোর প্রয়োজন ছিল। তবে মানুষের কষ্টের কথা চিন্তা করে তারা শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির হারে বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা দরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করেছে সরকার। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

তবে দূরপাল্লার পথে অনেক নন-এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কম আসনে নামিয়ে যাত্রীদের জন্য তুলনামূলক আরামদায়ক করা হয়েছে। এসব বাসে প্রস্তাবিত ভাড়া আরও বেশি হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে সেতু ও সড়কের টোলও।

সব মিলিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে গণপরিবহণের ভাড়ায়। এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপনের অপেক্ষায় যাত্রী ও পরিবহণ মালিক-শ্রমিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।