কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে স্থাপিত আধুনিক বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এখন বিচারপ্রার্থী মানুষের আস্থা, স্বস্তি ও মানবিক সেবার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে। আদালতে আসা সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষা, ক্লান্তি ও ভোগান্তি কমাতে নির্মিত এই আধুনিক সেবাকেন্দ্র ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট মহলে।
২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর শুভ উদ্বোধনের পর থেকেই ন্যায়কুঞ্জে প্রতিদিন অসংখ্য মানুষ বিশ্রাম, সুপেয় পানির সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় নাগরিক সেবা গ্রহণ করছেন। জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন ট্রাইব্যুনালে আগত বিচারপ্রার্থীরা এখানে পাচ্ছেন স্বস্তিদায়ক বসার ব্যবস্থা, আলাদা নারী-পুরুষ টয়লেট, শিশুদের জন্য মাতৃদুগ্ধ পান কক্ষ এবং সুলভ মূল্যে হালকা খাবারের সুবিধা।

গরম মৌসুমে পর্যাপ্ত সিলিং ফ্যান, পরিচ্ছন্ন ও মনোরম অভ্যন্তরীণ পরিবেশ, পর্যাপ্ত বেঞ্চ এবং মানবিক ব্যবস্থাপনা বিচারপ্রার্থীদের মনে এনে দিয়েছে প্রশান্তি। আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের প্রবেশমুখে অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই বিশ্রামাগার ব্যবহার করছেন।
আদালতে সাক্ষ্য দিতে আসা একাধিক ব্যক্তি ন্যায়কুঞ্জের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আইনজীবীরাও বলছেন, বিচারপ্রার্থীদের জন্য এমন উদ্যোগ আদালতের মানবিক চিত্রকে আরও উজ্জ্বল করেছে। আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নিয়মিত সরেজমিন তদারকি করছেন বলে জানা গেছে।

জনস্বার্থে গড়ে ওঠা এই আধুনিক বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এখন শুধু একটি বসার স্থান নয়—এটি বিচারপ্রার্থী মানুষের শারীরিক স্বস্তি, মানসিক প্রশান্তি ও ন্যায়বিচারের প্রতি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
