শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৩০

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
মে ২৮, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শান্ত ঈদের পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের জামাত শেষে কোরবানির গোশত কোথায় রাখা হবে—মসজিদে নাকি বাড়িতে নেওয়া হবে—এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে সেই বাকবিতণ্ডা ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেয়। এক পর্যায়ে আবু বকর মুন্সির অনুসারী ও কামরুজ্জামান সম্রাটের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে কথাকাটাকাটি হলেও পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো গ্রামজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের আর্তচিৎকারে মুহূর্তেই থমকে যায় ঈদের আনন্দ।

আহতদের মধ্যে রয়েছেন জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫) ও জালাল মোল্লা (৪০)সহ আরও অনেকে। গুরুতর আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।