শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিজিএফ চাউলসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ‘পচু’কে ঘিরে তীব্র বিতর্কের ঝড়

Link Copied!

মেহেরপুরের গাংনীতে ভিজিএফ চাউল ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার ০২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস (পচু) এর বিরুদ্ধে ভিজিএফ চাউলসহ বিভিন্ন সরকারি সহায়তা ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, ২০২১ সালের নির্বাচনে বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের বিভিন্নভাবে কোণঠাসা করে একক আধিপত্য বিস্তার করেন। এতে করে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রের অভিযোগ অনুযায়ী, ভিজিএফের চাল বিতরণ, শীতবস্ত্র ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণ না করে আত্মসাতের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। এছাড়াও দরিদ্র ও অসহায়দের জন্য বরাদ্দকৃত সহায়তা যথাযথভাবে বিতরণ না করে অনিয়ম করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, ৮নং ওয়ার্ডের মেম্বার তৌহিদুল ইসলামকে ঘিরেও বিতর্কের কথা উল্লেখ করে স্থানীয়রা দাবি করছেন, পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাতে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান সংক্রান্ত বিষয়টি প্রশাসনিকভাবে যাচাই করা হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল দাবি করেছে, ভিজিএফসহ সকল সরকারি ত্রাণ ও ঈদ উপহার সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রশাসনের সরাসরি তদারকি জরুরি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

তবে অভিযুক্ত চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস (পচু) এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।