বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪ ও ১৫ অক্টোবর সব অনুষ্ঠান বন্ধের নির্দেশ

আশিকুর রহমান শান্ত
অক্টোবর ১৩, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন ঘিরে উত্তেজনা, একই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ ছাত্রদলের। ফাইল ছবি

ভোলা সরকারি কলেজ মাঠে একই দিনে কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ছাত্রশিবির ও ছাত্রদলের কলেজ শাখা। ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান এবং ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে সব সংগঠনের পূর্বঘোষিত আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্ধারিত দুই দিন ক্যাম্পাসে কোনো সংগঠনকে পূর্বঘোষিত আনুষ্ঠানিক কার্যক্রম আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

অনুমোদিত অনুষ্ঠান ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির অভিযোগ

কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাদের অভিযোগ, তাদের পূর্বনির্ধারিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান বাধাগ্রস্ত করতেই একই দিনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদল। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও মানসিক বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো. আল-আমিন বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে তাঁদের এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের অনুমতি চেয়ে এক মাস আগেই কলেজ প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে গত ১৬ সেপ্টেম্বর লিখিত অনুমোদনও পাওয়া যায়। অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর থেকেই অনুষ্ঠানের প্রচারণা শুরু করা হয়।

আল-আমিনের দাবি, তাঁদের অনুষ্ঠানের প্রচারণা শুরুর চার ঘণ্টা পর ছাত্রদল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ব্যানার তৈরি করে। তবে টুর্নামেন্ট আয়োজনের জন্য ছাত্রদল কলেজ প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমোদন নেয়নি বলে দাবি করেন তিনি।

কলেজ প্রশাসন দুই সংগঠনকেই অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে উল্লেখ করে ছাত্রশিবিরের এ নেতা বলেন, তাঁরা এখনো পূর্বনির্ধারিত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

প্রস্তুতি শেষ, সিদ্ধান্ত নিতে আলোচনা করবে ছাত্রদল

অন্যদিকে, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি বলেন, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও মানসিক বিকাশের লক্ষ্যে কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দল গঠনসহ প্রস্তুতির প্রায় সব কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত খেলা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।

তবে এ কর্মসূচির জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া হয়নি বলে স্বীকার করেন তিনি।

আরাফাত ইসলাম ইফতি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে জেলা ছাত্রদল ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

‘কোনো দলই অনুষ্ঠান করতে পারবে না

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৪ ও ১৫ অক্টোবর কোনো দলই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, একই মাঠে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি ঘিরে উত্তেজনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কলেজ কর্তৃপক্ষ উভয় সংগঠনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে কোনো সংগঠনই ওই দিন ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।

ওসি আরও বলেন, এ বিষয়ে দুই সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। একই দিনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান না করার জন্য তাঁদের বলা হয়েছে।

দুই ছাত্রসংগঠনের পৃথক কর্মসূচি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে এখন নজর কলেজ প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের দিকে। শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংগঠনগুলো শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তা-ই এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।