মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ওয়াই-ফাই সংযোগ না দেওয়ার প্রতিবাদ, গৃহকর্তাকে হাতুড়িপেটা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ওয়াই-ফাই (ইন্টারনেট) সংযোগ দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা নেওয়ার পরও সংযোগ না দেওয়ার প্রতিবাদ করায় ইয়াহিয়া ওরফে আলামিন (২৮) নামে এক যুবককে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়াই-ফাই ব্যবসায়ী মিজান সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আহত আলামিনের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজ নগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে মিজান সরদার (২৩), আলতাফের ছেলে জুয়েল (২৪), সোনা মৃধার ছেলে সাগর (২২), ইউনুস আলীর ছেলে জুয়েল (২০) ও হাফিজুর রহমানের ছেলে মামুন (৩৫)।

৪ হাজার টাকা নিয়েও মেলেনি সংযোগ

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগ দেওয়ার ব্যবসা করেন। কিছুদিন আগে আলামিনের বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৪ হাজার টাকা নেন মিজান।

তবে টাকা নেওয়ার পরও বাড়িতে সংযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে আলামিন কারণ জানতে চাইলে মিজানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই সময় মিজান সরদার আলামিনকে দেখে নেওয়ার হুমকি দেন।

দোকানের সামনে একা পেয়ে হাতুড়িপেটা

এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সমবায় মার্কেটের জালাল নামে এক ব্যক্তির দোকানের সামনে আলামিনকে একা পেয়ে আসামিরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, এ সময় আলামিনকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করা হয়। এতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ছাড়া হামলার সময় আলামিনের ব্যবহৃত মোবাইল ফোন এবং পকেটে থাকা সাড়ে চার হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।