মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির। ফাইল ছবি
মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম গুজুরী গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত বশির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন বশিরের বাবা মনির হোসেন।
বশিরের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আকাশ (২১), তুহিন (২২), আরিফ (২২) ও তানজিদ।
মনির হোসেন জানান, রোববার রাতে সদর উপজেলার পশ্চিম গুজুরী গ্রামের আকাশ তার ছেলে বশিরকে ডেকে নিয়ে যান। পরে তারা বেতিলা মেঘবাড়ি রেস্টুরেন্টে বসে আড্ডা দেন। এরপর রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে আহত বশিরের খবর পান তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মনির হোসেনের ভাষ্য, বশির মাদ্রাসায় পড়াশোনা করতেন। ২০২১ সাল থেকে পড়াশোনা ছেড়ে তিনি বাড়িতেই থাকছেন। তার ছেলের নাম জেলা ছাত্রলীগে রয়েছে, সেটিও তিনি আগে জানতেন না। রাজনৈতিক কারণে এ হামলা হয়নি দাবি করে তিনি বলেন, আকাশ, আরিফসহ অন্যদের সঙ্গে পূর্বশত্রুতার বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
ছাত্রলীগের অভিযোগ, দায় অস্বীকার ছাত্রদলের
এদিকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বিবৃতি দিয়েছে জেলা ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর হামলা চালিয়ে তার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বশিরের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় বশির কার সঙ্গে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেও এ হামলা হয়ে থাকতে পারে।
আব্দুল খালেক শুভ বলেন, এ ঘটনায় ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গসংগঠনের কেউ জড়িত নন। নিষিদ্ধ সংগঠনটি এ ঘটনায় রাজনৈতিক সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
পরিচিত ও বন্ধুদের ঘিরেই তদন্ত
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বশিরকে যারা হামলা করেছে, তারা সবাই তার পরিচিত ও বন্ধু। বশির তাদের সঙ্গেই চলাফেরা করতেন।
ওসি বলেন, এ ঘটনায় বশিরের বাবা সোমবার সন্ধ্যায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
