মেহেরপুর-কাথুলি সড়কে গভীর রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাথুলি সড়কের কালু মন্ডলের বাগান মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
প্রথমদিকে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মিডিয়ায় খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে এসে তাদের পরিচয় নিশ্চিত করেন।
আহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের জামাল উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৫) এবং মেহেরপুর পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার জিয়াউদ্দিনের ছেলে মুকুল (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা শোলমারী থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মুকুল শহর থেকে ঝাওবেরিয়া রোডের একটি মাদ্রাসায় মেয়ের জন্য খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে কাথুলি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জুয়েল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
