বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের ধাক্কা নাকি ভুল বোঝাবুঝি? চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল ও প্রাইভেট কারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা রূপ নেয় চাঞ্চল্যকর ঘটনায়। উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক প্রাইভেট কারের চালককে মারধর এবং গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী রাজিব হোসেন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে কালাইয়া পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন মো. শাহিন মিয়া। চালক শাহিনের দাবি, যানজটের মধ্যে গাড়ির পেছনে থাকা আবদুল্লাহ আল ফাহাদ তার মোটরসাইকেল দিয়ে কয়েক দফা গাড়িতে ধাক্কা দেন। বিষয়টি জানতে চাইলে ফাহাদ ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থামিয়ে তাকে মারধর শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পথচারীরা এগিয়ে আসেন। এ সময় ব্যবসায়ী রাজিব হোসেন গাড়ি রেখে কাছের একটি ডায়াগনস্টিক সেন্টারে আশ্রয় নেন। আহত চালক শাহিনকে পাশের একটি দোকানে বসিয়ে রাখা হয়। পরে সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, এরপর দ্বিতীয় দফায় শাহিনকে মারধর করেন ফাহাদ ও তার সহযোগীরা।

একপর্যায়ে চালক শাহিনের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এবং অন্য এক চালকের মাধ্যমে গাড়িটি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

ব্যবসায়ী রাজিব হোসেন দাবি করেন, টাকাসহ তার গাড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

তবে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাউফল সরকারি কলেজ এলাকা থেকে কালাইয়ার দিকে যাচ্ছিলেন। যানজটের কারণে সামনে থাকা একটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িটির চালক তার হাত ধরে টান দেন এবং ধাক্কা দেওয়ার কারণ জানতে চান। ফাহাদের দাবি, তিনি কোনো ধরনের ধাক্কা দেননি এবং মারধর বা গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেনি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।