স্বাদের খোঁজে যাওয়া এক সন্ধ্যা শেষ পর্যন্ত গড়াল উত্তেজনা, অভিযোগ আর নিরাপত্তাহীনতার গল্পে।
পটুয়াখালীর এক তরুণ ফুড ব্লগার দাবি করেছেন, একটি রেস্তোরাঁর খাবারের মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক রিভিউ দেওয়ার জেরেই তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফুড ব্লগার মো. লুৎফর রহমান সুফিয়ান আবেগঘন কণ্ঠে এ অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, গত ১৪ মে রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অবস্থিত ‘হোটেল সিঙ্গাপুর’ রেস্তোরাঁয় খাবার খেতে যান।
সুফিয়ানের ভাষ্য, খাবারের স্বাদ ও মান প্রত্যাশা পূরণ করতে না পারায় বিষয়টি রেস্তোরাঁ কর্মচারীদের জানানো হলেও তারা গুরুত্ব দেননি। পরে একজন সচেতন ভোক্তা ও ফুড রিভিউয়ার হিসেবে গত ১৮ মে তিনি ‘ফুড ব্লগার্স অফ পটুয়াখালী’ নামের ফেসবুক গ্রুপে নিজের অভিজ্ঞতা তুলে ধরে একটি রিভিউ পোস্ট করেন।
আর সেই পোস্ট ঘিরেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ অনুযায়ী, ১৯ মে দুপুরে রেস্তোরাঁ মালিক মো. জলিল ফেসবুক আইডির মাধ্যমে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, লোকজন দিয়ে মারধর এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন সুফিয়ান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
খাবারের মান নিয়ে একজন ভোক্তা হিসেবে মতামত প্রকাশ করায় আমাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিল পরিশোধ না করে চলে যাওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, সেটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন তিনি। এ সময় খাবারের বিল পরিশোধের ডিজিটাল পেমেন্ট স্লিপ ও ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও জানান সুফিয়ান।
ঘটনার পর তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৮৮) এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শিহাব বাহাদুরকে।
