সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঐতিহাসিক মাইলফলক, প্রথম ইউনিটে শুরু পারমাণবিক বিক্রিয়া

পাবনা প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নভেম্বরের শেষদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা, ক্রিটিক্যালিটি অর্জন, নিরাপত্তা পরীক্ষা শেষে এগোবে গ্রিড সংযোগের কার্যক্রম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে যুক্ত হলো এক ঐতিহাসিক মাইলফলক। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরটি ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি অর্জিত হলো।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, এনপিসিবিএলের নেতৃত্বে পরিচালিত কমিশনিং কার্যক্রমের ধারাবাহিকতায় এ গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জনের অর্থ হলো, নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া স্বয়ংসম্পূর্ণভাবে বজায় থাকার পর্যায়ে পৌঁছেছে। তবে এ পর্যায়ে পৌঁছালেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় না। এর জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা ও কমিশনিং ধাপ সম্পন্ন করতে হবে।

ড. জায়েদুল হাসান জানান, ক্রিটিক্যালিটি অর্জনের পর রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ কারিগরি পরিমাপকগুলো নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিত অবস্থায় পরিচালিত হচ্ছে। এ পর্যায়ে রিঅ্যাক্টরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা অব্যাহত থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন জানান, রোববার বিকেল ৩টা ৩৪ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত সব কারিগরি পরিমাপক নির্ধারিত মাত্রায় রয়েছে। বিকিরণের মাত্রা নিয়ে ভয়ের কিছু নেই বলেও তিনি জানান।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘স্টেজ বি-ওয়ান’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও পরীক্ষা

এর আগে বৃহস্পতিবার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি। এ মডেলে উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

তবে ক্রিটিক্যালিটি অর্জনের পরপরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব নয়। অনুমোদিত কমিশনিং কর্মসূচি অনুযায়ী, রিঅ্যাক্টর ফিজিক্স পরীক্ষা, বিভিন্ন যন্ত্রপাতি ও সিস্টেমের কার্যকারিতা যাচাই, নিরাপত্তাব্যবস্থার পরীক্ষা এবং ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানোর কাজ সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

পারমাণবিক সক্ষমতা অর্জনে নতুন অধ্যায়

প্রকল্পসংশ্লিষ্টদের মতে, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের বিজ্ঞান, প্রকৌশল ও পারমাণবিক প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণকাজ ও কমিশনিং কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

তাঁদের ভাষ্য, এ অর্জনের পেছনে এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, অপারেশন ও কমিশনিং বিশেষজ্ঞদের পাশাপাশি দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

ক্রিটিক্যালিটি অর্জনের পর গ্রিড সিনক্রোনাইজেশনসহ পরবর্তী প্রতিটি ধাপ সর্বোচ্চ নিরাপত্তামান, অনুমোদিত কারিগরি পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করা হবে।

সব মিলিয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়া বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক অগ্রগতি। এখন লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে কমিশনিংয়ের বাকি ধাপগুলো সফলভাবে সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা পরীক্ষা, কারিগরি যাচাই এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।