সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালন আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা

এস এম বাদল
অক্টোবর ৪, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডিম নিক্ষেপের পর হামলার অভিযোগ, ইটপাটকেলে গাড়ির গ্লাস ভাঙচুর; নিরাপত্তায় পুলিশ হেফাজতে এনসিপি নেতা। হামলায় ক্ষতিগ্রস্থ নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি। ছবি-সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তাঁর বহনকারী গাড়িতে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়।

রাত ৮টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন, সেটা জানতাম না। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে আরও পুলিশ যাচ্ছে।

এদিকে ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় হামলার অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, নাসীরুদ্দীনসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে গিয়েছিলেন। বিকেলে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় তাঁরা লালন আখড়াবাড়িতে যান।

তিনি বলেন, সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীনের সঙ্গে ছবি তুলতে চান। এ সময় তাঁকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন।

এরপর আরও ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে উচ্চস্বরে গালাগালি করতে থাকেন বলে দাবি করেন শোভন আহমেদ। তাঁদের একজন নাসীরুদ্দীনকে উদ্দেশ করে বলেন, ‘তুই এখানে কেন আসছিস।

একপর্যায়ে তাঁরা নাসীরুদ্দীনকে মারতে উদ্যত হন বলে অভিযোগ করেন তিনি। তাঁকে রক্ষায় নেতাকর্মীরা ঘিরে ধরেন। হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠি ছিল বলেও দাবি করেন শোভন।

এ ঘটনায় কয়েকজন নেতা আহত হন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরো ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভেঙে দেওয়া হয়।

‘ইট নিক্ষেপে তিনজন আহত’

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপের পর একটি ইট তাঁর হাতে লাগে। এতে তিনিসহ তিনজন আহত হয়েছেন।

ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ এনসিপির

দলটির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলায় জড়িত কয়েকজনকে তাঁরা চিহ্নিত করেছেন বলেও দাবি করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী।

তিনি বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা হয়ে থাকলে তা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতি বিশ্বাস করে না। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।

ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ। হামলার ঘটনায় কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।