কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দুটি দানবাক্স খুলে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা। গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা জমা পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। ফাইল ছবি
বাউল সম্রাট ফকির লালন শাহের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি সিন্দুক খুলে এ টাকা পাওয়া যায়।
কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, সাধারণত বছরে দুইবার লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার বাউল সম্রাটের তিরোধান দিবসের পর দানবাক্স খোলা হয়।

তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। রোববার এসব টাকা লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে। এতে দানবাক্স খোলার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
লালন আখড়াবাড়ি বাউল সাধনা, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার এক ঐতিহাসিক কেন্দ্র। এখানে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধক ও দর্শনার্থীর সমাগম ঘটে। তাঁদের দানেই আখড়াবাড়ির দানবাক্সে নিয়মিত অর্থ জমা হয়।
