চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানবিকতার মুখোশ পরে এক সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। “আপনি মুরব্বি মানুষ, ব্যাগটা দেন—আমি বাড়ি পৌঁছে দিচ্ছি”—এই কথাতেই বিশ্বাস করেছিলেন ৭১ বছর বয়সী ওই বৃদ্ধা। কিন্তু সাহায্যের আশ্বাসই শেষ পর্যন্ত রূপ নেয় ভয়ংকর দুঃস্বপ্নে।
ঘটনাটি ঘটে গত ২০ মে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর এলাকায়। এ ঘটনায় পাঁচ দিন পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে অভিযুক্ত তরুণ তরিকুল ইসলামকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তরিকুল ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃদ্ধা মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুপুরে মেয়ের দেওয়া মাছ ও তরকারি ব্যাগে নিয়ে বাড়ির পথে রওনা দেন তিনি।
পথে ইব্রাহিমপুর পার্কের পেছনের এলাকায় পৌঁছালে তরিকুল তার হাতে থাকা ব্যাগটি বহন করার প্রস্তাব দেয়।
সে সময় অভিযুক্ত বলেন, আপনি মুরব্বি মানুষ। আপনার হাতের ব্যাগটা দেন, আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি।
বিশ্বাস করে ব্যাগ তুলে দেন বৃদ্ধা। পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার কয়েকদিন পর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী অবশেষে রোববার রাত ১২টার দিকে দামুড়হুদা মডেল থানা-এ মামলা দায়ের করেন। মামলার পরপরই দিনগত রাত ২টার দিকে ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভুক্তভোগীকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের ভাষ্য, একজন বৃদ্ধা নারীর সঙ্গে এমন নির্মম ঘটনার খবরে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
