তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ের অফিস কক্ষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন (ইন্ডিপেনডেন্ট মিডিয়া কমিশন) গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (National Action Plan) প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সাক্ষাৎকালে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। একই সঙ্গে এ উদ্যোগে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আগ্রহও প্রকাশ করে ইইউ।
জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব। এই দুই লক্ষ্যকে সমন্বয় করেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যম খাতের সাংবাদিক, সম্পাদক, মালিকপক্ষ, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। এই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়ন করে সরকারের কাছে জমা দেবে। পরবর্তীতে সেই কর্মপরিকল্পনার ভিত্তিতেই দেশে একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের গণমাধ্যম খাতে স্বাধীনতা, জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে।
