বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় পিটুনি, দেবহাটায় যুবক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি, বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় ফের হামলার শিকার। প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনির শিকার ওহিদুজ্জামান শামীম (যুবক) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে জনরোষের মুখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে হাসপাতালে ঢুকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে মারধর করেন বলে জানা গেছে।

নিহত ওহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরে উপজেলার সখীপুর এলাকায় কয়েকজন শামীমকে মারধর করেন। একপর্যায়ে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার এখানেই শেষ হয়নি। রাত ৯টার দিকে ‘তৌহিদি জনতা’র ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন শামীমের ওপর আবারও হামলা চালান। এতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে হাসপাতালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর দফায় দফায় হামলা এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নির্ধারণ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।