ছবি: সংগৃহীত
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। আজ শনিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
আজ বেলা ১১টায় রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার ফল একযোগে অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকাশ করা হয়।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথমে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর আরও ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) এবং educationboardresults.gov.bd (https://educationboardresults.gov.bd) থেকে ফল জানতে পারছেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাচ্ছে।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC Dha 123456 2026।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ১২ লাখের বেশি শিক্ষার্থী।
