রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে নজরুলের সৃষ্টির বর্ণিল উদযাপন

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বৈচিত্র্যে বৈভবে বিদ্রোহে বাঙালির নজরুল’ আলেখ্যানুষ্ঠানে অংশগ্রহনকারীদের একাংশ। ছবি:সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘কাণ্ডারী হুঁশিয়ার’ রচনার শতবর্ষ উপলক্ষ্যে কবির কবিতা, গান, প্রবন্ধ, চিঠি, অভিভাষণ ও কথামালায় সাজানো আলেখ্যানুষ্ঠান ‘বৈচিত্র্যে বৈভবে বিদ্রোহে বাঙালির নজরুল’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শংকরে ছায়ানট সংস্কৃতিভবন মিলনায়তনে যূথবদ্ধ আবৃত্তি প্রয়াস মঞ্জুভাষ-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

নজরুলের সৃষ্টির বহুমাত্রিকতা, বিদ্রোহী চেতনা, মানবতাবাদ, প্রেম ও অসাম্প্রদায়িক দর্শনকে বিভিন্ন শিল্পমাধ্যমে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। আবৃত্তি, সংগীত, নৃত্য ও কথামালার সম্মিলনে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে কবির জীবনদর্শন ও সৃষ্টিজগতের এক সৃজনশীল পরিভ্রমণ।

প্রাবন্ধিক ও চিন্তক মফিদুল হকের পরামর্শ ও নির্দেশনায় অনুষ্ঠানটির পাণ্ডুলিপি রচনা ও গ্রন্থনা করেছেন আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ইকবাল খোরশেদ।

অনুষ্ঠানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাসহ মানবতাবাদ, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবিতা আবৃত্তি করেন আহসান দীপু, রুবাইয়া খান পাপড়ি, মাসুদুজ্জামান, সৈয়দ ফয়সল আহমদ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, শিরিন ইসলাম, মনোয়ার মাহমুদ জুয়েল, ইমরুন নাহার ইমু, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন ও অমিয়া অমানিতা। নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকে ঘিরে কথামালা উপস্থাপন করেন আপন আহসান ও তানজিনা তমা। সংগীত পর্বে নজরুলের গান পরিবেশন করেন বিজন কুমার মিস্ত্রী ও তানজিনা করিম স্বরলিপি।

বিশেষ আকর্ষণ ছিল ‘কাণ্ডারী হুঁশিয়ার’ বা ‘দুর্গমগিরি কান্তার মরু’ গানের সঙ্গে নৃত্যনন্দনের নৃত্য পরিবেশনা। নৃত্য পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা। অনুষ্ঠানের আলোক পরিকল্পনায় ছিলেন লাইট ডিজাইনার জিল্লুর রহমান।

 

আয়োজন প্রসঙ্গে মঞ্জুভাষের নির্বাহী প্রধান নায়লা তারান্নুম চৌধুরী কাকলি বলেন, ‘নজরুলকে শুধু বিদ্রোহের কবি হিসেবে নয়, তাঁর সৃষ্টির বৈচিত্র্য, মানবিকতা, প্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েও নতুন করে আবিষ্কার করা জরুরি। ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের বহুমাত্রিক সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।

কবির সৃষ্টিকে কেবল স্মরণ নয়, সমকালীন সমাজ ও মানুষের কাছে তার প্রাসঙ্গিকতাকে নতুন করে উপস্থাপনের প্রত্যয় নিয়েই মঞ্চায়িত হয় ‘বৈচিত্র্যে বৈভবে বিদ্রোহে বাঙালির নজরুল’। এমনটি জানিয়েছে আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।