সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক রানা নির্বাচিত। আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন। ছবি: সংগৃহীত
বাঁশখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বক্কর বাবুল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের দর্পণ ও বাংলা এডিশনের প্রতিনিধি শিব্বির আহমদ রানা নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে বাঁশখালী প্রেস ক্লাব।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশবর্তমানের প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. তাফহিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. আফনান চৌধুরী এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অনুপম কুমার অভি, দৈনিক আজাদীর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জোবাইর চৌধুরী এবং দৈনিক দেশের কথার প্রতিনিধি ছৈয়দুল আলম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কল্যাণ বড়ুয়া। সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছৈয়দুল আলম।
নবনির্বাচিত এ কমিটির মেয়াদ আগামী দুই বছর। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
