রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ায় প্রথমবারের মতো বসছে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা অংশ নিচ্ছে বাংলাদেশের বিটমোস্ফিয়ার

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিটমোস্ফিয়ার এর সদস্যরা

বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিন ধরে চলা আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন এবার প্রথমবারের মতো এশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতাটির ৭০ বছর পূর্তি উপলক্ষে নতুন এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ইউরোভিশন এশিয়া’। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবে এর প্রথম আসরের গ্র্যান্ড ফাইনাল।

১৯৫৬ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর লক্ষ্যে ইউরোভিশনের যাত্রা শুরু হয়। দীর্ঘ সাত দশকে এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবার এশিয়ার দর্শকদের কাছে প্রতিযোগিতাটির জনপ্রিয়তা ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশক ধরে এশিয়ায় ইউরোভিশন আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে ব্যাংককে স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে প্রথম আসরের চূড়ান্ত পর্ব।

প্রথম আসরে অংশ নিচ্ছে ১১ দেশ

ইউরোভিশন এশিয়ার প্রথম আসরে অংশ নিচ্ছে ১১টি দেশ। এগুলো হলো—থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, বাংলাদেশ, নেপাল ও ভুটান। তবে এশিয়ার বড় দেশ ভারত, চীন, জাপান ও ইন্দোনেশিয়া এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। আগামী বছরের আসরে এসব দেশকে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।

ইউরোপে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও এশিয়ায় প্রতিযোগিতাটি এখনো নতুন। থাই গায়ক সারুন নোট কুংবুনপট মনে করেন, এশিয়ার দর্শকদের কাছে এর ধারণা স্পষ্ট করতে সময় লাগবে। তিনি ইউরোভিশনের ভক্ত এবং এ অঞ্চলের কয়েকটি সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

নোট বলেন, থাইল্যান্ড, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার সংগীত প্রতিযোগিতাগুলোতে সাধারণত শিল্পীর জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে ভক্তরা নিজেদের পছন্দের তারকাকে সমর্থন করেন। কিন্তু ইউরোভিশনে মূল গুরুত্ব দেওয়া হয় গানকে, শিল্পীকে নয়। ফলে এশিয়ার দর্শকদের কাছে এই পার্থক্য তুলে ধরতে হবে।

বাংলাদেশের পরিবেশনায় থাকছে ভিন্নধর্মী সংগীত

প্রথম ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘বিটমোস্ফিয়ার’ (Beatmosphere)। দলটির পরিবেশনার গান ‘তুমি এলে’। প্রতিযোগিতায় অন্য দেশগুলোর পরিবেশনার তুলনায় এটি বেশ ব্যতিক্রমী।

ছয় সদস্যের পুরুষ দলটি মূলত ‘আ ক্যাপেলা’ পদ্ধতিতে গান পরিবেশন করবে। অর্থাৎ বাদ্যযন্ত্রের পরিবর্তে কণ্ঠের মাধ্যমে সংগীত তৈরি করা হবে। এর সঙ্গে থাকবে বিটবক্সিং। পরিবেশনায় খুব সামান্য ব্যাকিং মিউজিক ব্যবহার করা হবে।

আয়োজনের প্রস্তুতি নিয়ে জটিলতা

প্রথম আসর আয়োজনের প্রস্তুতিতে বেশ কিছু সমস্যার মুখে পড়েছে কর্তৃপক্ষ। ফাইনালের মাত্র তিন সপ্তাহ আগে বাজেট থেকে ১০ লাখ ডলার কমিয়ে দেওয়ায় ইউরোভিশনের অভিজ্ঞ অনেক প্রযুক্তিবিদকে থাইল্যান্ডে আনা সম্ভব হয়নি। এ ছাড়া কয়েকজন কর্মী পদত্যাগ করেছেন।

এ নিয়ে প্রতিযোগিতাটির আন্তর্জাতিক ভক্তদের মধ্যেও সমালোচনা দেখা গেছে। মহড়ার বিভিন্ন ভিডিও প্রকাশের পর সেগুলোর শব্দ ও আলোকসজ্জার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী

ইউরোভিশনের ভোট দেওয়ার পদ্ধতিও বেশ ব্যতিক্রমী। ইউরোপের মতো এশিয়ার প্রতিযোগিতাতেও দর্শকদের ভোট এবং জাতীয় বিচারকদের ভোট সমান গুরুত্ব পাবে। অর্থাৎ ৫০ শতাংশ ভোট আসবে দর্শকদের কাছ থেকে, বাকি ৫০ শতাংশ দেবেন প্রতিটি দেশের বিচারকেরা। এ ছাড়া ‘বিশ্বের বাকি অংশ’ (রেস্ট অব দ্য ওয়ার্ল্ড) নামে একটি পৃথক ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিবন্ধন করে যে কেউ প্রতিযোগিতায় ভোট দিতে পারবেন। প্রত্যেকে আটটি ভোট পাবেন। তবে নিজের দেশের প্রতিযোগীকে ভোট দেওয়া যাবে না। পাশাপাশি অন্তত তিনটি ভিন্ন দেশের প্রতিযোগীর মধ্যে ভোট ভাগ করে দিতে হবে।

ভোটের ফলাফল পয়েন্টে রূপান্তর করা হবে। প্রতিটি দেশের সবচেয়ে জনপ্রিয় গান পাবে ১২ পয়েন্ট। অন্যদিকে সবচেয়ে কম ভোট পাওয়া গান পাবে শূন্য পয়েন্ট, যা ইউরোভিশনে ‘নাল পয়েন্টস’ নামে পরিচিত।

ভুটানের গায়কের সামনে বড় সুযোগ

প্রথম ইউরোভিশন এশিয়ায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ভুটানের জন্য এটি বিশেষ সুযোগ। ১০ লাখেরও কম জনসংখ্যার দেশটির প্রতিনিধিত্ব করছেন ২৪ বছর বয়সী গায়ক থুকতেন নিয়েন্দ্রা। তিনি প্রতিযোগিতায় পরিবেশন করবেন ‘লাহয়ি সেমো’ বা ‘দ্য অ্যাঞ্জেল’ গানটি।

ব্যাংককে আসার আগে কখনো দেশের বাইরে যাননি তিনি। এমনকি বিমানে চড়ারও অভিজ্ঞতা ছিল না তার।

বিবিসিকে নিয়েন্দ্রা বলেন, তিনি কোনো তারকা নন। নিজের দেশে পরিচিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে তাকে খুব বেশি মানুষ চেনেন না। তবে ইউরোভিশন তাকে বড় একটি মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিয়েছে। তার কাছে প্রতিযোগিতায় জয় পাওয়া মানে পুরো পৃথিবী জয় করার মতো।

গান ও মঞ্চ পরিবেশনায় থাকবে ভিন্নতা

ইউরোভিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি গান সর্বোচ্চ তিন মিনিটের হতে পারবে। মঞ্চে সর্বোচ্চ ছয়জন পরিবেশক থাকতে পারবেন। কোনো ব্যাকিং ব্যান্ড ব্যবহার করা যাবে না; বাজানো হবে রেকর্ড করা সংগীত।

এসব সীমাবদ্ধতার মধ্যেই দর্শকদের আকৃষ্ট করতে শিল্পীরা নানা ধরনের কোরিওগ্রাফি, পোশাক ও মঞ্চসজ্জার আয়োজন করেন। ইউরোপের আগের আসরগুলোতে অদ্ভুত ও ব্যতিক্রমী পরিবেশনার নজিরও রয়েছে। ২০১৪ সালে পোল্যান্ডের ‘মাই স্লোয়ানি’ গানে ঐতিহ্যবাহী পোশাক পরা মডেলদের মঞ্চে মাখন মন্থন করতে দেখা যায়। ২০০৬ সালে ফিনল্যান্ডের হেভি মেটাল ব্যান্ড লর্ডি দানবের মতো পোশাক পরে পরিবেশনা করে আলোচনায় আসে।

এবারও অংশগ্রহণকারী দেশগুলোর শিল্পীরা নিজেদের পরিবেশনা আকর্ষণীয় করে তুলতে নানা প্রস্তুতি নিয়েছেন।

লাওসের শিল্পী থিনলা তার ‘বে’ শিরোনামের রেগেটন গানের পরিবেশনায় পোশাকের পরিবর্তন এনেছেন। প্রথম ভিডিওতে ছোট ঝলমলে পোশাক পরলেও চূড়ান্ত পরিবেশনায় তিনি ও তার নৃত্যশিল্পীরা লাওসের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরবেন।

অন্যদিকে ভিয়েতনামের গায়িকা তক তিয়েনের ‘এম তিয়েন’ বা ‘পরীকন্যা’ গানটিতে রয়েছে জটিল নৃত্য ও একাধিকবার পোশাক পরিবর্তনের আয়োজন। মহড়ায় তার দীর্ঘ সময় ধরে নাচের বিভিন্ন মুদ্রা ও পোশাক পরিবর্তনের অনুশীলন করতে দেখা গেছে।

এলজিবিটিকিউ+ শিল্পীদের উপস্থিতি নেই

ইউরোভিশনের দীর্ঘদিনের একটি বৈশিষ্ট্য হলো এলজিবিটিকিউ+ শিল্পীদের অংশগ্রহণ ও তাদের প্রতি সমর্থন। তবে এবারের এশীয় আসরে সে ধরনের দৃশ্যমান কোনো উপাদান নেই। কারণ, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও বাংলাদেশে সমকামী কর্মকাণ্ড আইনত অপরাধ হিসেবে বিবেচিত।

তারকা তৈরির মঞ্চ হতে পারে ইউরোভিশন এশিয়া

নতুন ও তুলনামূলক অপরিচিত শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলার জন্য ইউরোভিশন দীর্ঘদিন ধরেই পরিচিত। এ প্রতিযোগিতার মাধ্যমেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল সুইডিশ ব্যান্ড ‘আব্বা’। ১৯৭৪ সালে ‘ওয়াটারলু’ গান দিয়ে জয়ী হওয়ার সময় তারা খুব বেশি পরিচিত ছিল না। ১৯৮৮ সালে আয়ারল্যান্ডের হয়ে জয় পেয়েছিলেন সেলিন ডিওন।

তবে ইউরোভিশন এশিয়ার প্রথম আসরে অংশ নেওয়া অনেক শিল্পীই নিজ নিজ দেশে আগে থেকেই জনপ্রিয়। মালয়েশিয়ার গায়িকা আইনা আব্দুল তাদের মধ্যে অন্যতম। অসাধারণ কণ্ঠের পাশাপাশি ব্যতিক্রমী পোশাকের জন্যও পরিচিত তিনি। তার ‘ব্লুয়েস্ট স্কাই’ গানটি এবারের প্রতিযোগিতায় অন্যতম সম্ভাবনাময় পরিবেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। গায়িকার প্রয়াত পোষা বিড়াল হিরোর স্মৃতি থেকে গানটি অনুপ্রাণিত।

মালয়েশীয় ডিজাইনার মেলিন্ডা লুইয়ের তৈরি তার মঞ্চের পোশাকটি বানাতে প্রায় ৬০০ ঘণ্টা সময় লেগেছে। ইতালি ও চীন থেকে আনা উপকরণ দিয়ে তৈরি পোশাকটির নকশায় প্রবহমান পানির ধারা ফুটিয়ে তোলা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, প্রথম আসর সফল হলে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার বসবাসকারী এশিয়ায় ইউরোভিশনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে। এর মধ্য দিয়ে ইউরোপের সাত দশকের পুরোনো সংগীত আয়োজনটি নতুন এক আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।