শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুষ্টিয়া প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া ও ফেরার পথে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পথচারীও রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভুশ্চি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলার হরিশ্চরে আয়োজিত র‍্যালি ও সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পথে ভুশ্চি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে বিএনপির অন্য একটি পক্ষের বিরুদ্ধে।

এ ঘটনার জের ধরে সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন দুই পথচারীও। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক পক্ষের অভিযোগ, অন্য পক্ষের পাল্টা বক্তব্য

লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘মোবাশ্বের আলম ভূঁইয়ার (কুমিল্লা-১০ আসনের এমপি) সমর্থক নেতা-কর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে মূল অনুষ্ঠানে যোগ দিতে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভুশ্চি বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য চৌধুরীর সমর্থক নেতা-কর্মীরা মিছিলটিতে হামলা চালান।

অন্যদিকে, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কয়েকজন সেখানে এসে তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও পরে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।