রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, শিল্প-বাণিজ্যের বিকাশে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

এস এম বাদল
নভেম্বর ১৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা-২০২৬। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কুষ্টিয়া জেলার শিল্প-বাণিজ্যের সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি হাজী আবু জাফর মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. মজিবুর রহমান বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও ব্যবসায়িক স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান অর্থনৈতিক সংকট, কর ব্যবস্থার জটিলতা এবং ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। উৎপাদন, বিপণন ও বিনিয়োগের স্বার্থে একটি স্থিতিশীল, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে হাজী আবু জাফর মোল্লা বলেন, চেম্বার অব কমার্স কেবল ব্যবসায়ীদের একটি সংগঠন নয়; এটি কুষ্টিয়ার অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা, নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং জেলার শিল্প-বাণিজ্যকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে চেম্বার সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাবে।

এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি মেজবার রহমান, সহসভাপতি কাজী রফিকুর রহমান রফিক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সাবেক পরিচালক, সাধারণ সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় চেম্বারের সার্বিক কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং কুষ্টিয়া জেলার শিল্প-বাণিজ্যের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সার্বিকভাবে বার্ষিক সাধারণ সভাটি জেলার ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বাণিজ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কুষ্টিয়ার শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।