মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, লাশ গুম করতে ফেলা হয় জঙ্গলে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার নগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসানের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

পুলিশ জানায়, নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন ভুক্তভোগী হাসান। স্থানীয় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অপবাদে হাসানকে ধরে নিয়ে যান অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক। পরে তাকে বেধড়ক মারধর করেন তারা। একপর্যায়ে তার মৃত্যু হলে লাশ গুমের উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখা হয়। সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

চান্দগাঁও থানার এসআই মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানতে পেয়েছি চুরির অভিযোগে হাসানকে কয়েকজন যুবক ধরে নিয়ে মারধর করে। একপর্যায়ে মারা গেলে তার লাশ জঙ্গলে ফেলে দেয়। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন নাম পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহত যুবকের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।