সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কৃষকের বসতবাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। এই ঘটনায় রোববার সকালে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির।

কৃষকের পরিবারের অভিযোগ, টেপিরবাড়ি গ্রামের আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং সদস্যরা তাদের বাড়ির পাশের খোলার মাঠে নিয়মিত আড্ডা দেয়। সেখানে পোশাক শ্রমিকদের মোবাইল ফোন ছিনতাই হয়। এসব ঘটনার জের ধরে গত শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য সাকিব ও মারুফের সঙ্গে কথাকাটাকাটি হয় কৃষক ছফির উদ্দিনের। এর জের ধরে তাঁর দুই ছেলেকে মারধার করে বাড়িতে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।

বাদী সজীব ফকির বলেন, কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল প্রথমে এসে ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। এরপর একে একে ছয়টি বসতঘর কুপিয়ে তছনছ করে। এ সময় এগিয়ে গেলে হামলাকারীরা দুই ভাইকে পিটিয়ে আহত করে। পরে হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী কাজল ফকির বলেন, গত শনিবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ করে বসতবাড়ির দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ডাকচিৎকার শুরু করলে হামলাকারীরা হত্যার হুমকি দেয়। ভয়ে বসতঘর থেকে কেউ বের হয়নি। বাসার মূল ফটকসহ দরজা জানালা কুপিয়ে তছনছ করে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অত্যাচারে আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত। তাদের অত্যাচারে অতিষ্ঠ পোশাক কর্মীরা। কর্মস্থলে আসা-যাওয়ার পথে তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় এই চক্র। প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে বসতবাড়িতে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গত শনিবার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।