শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাহসিফের মৃত্যুর রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে বন্ধু দ্বীপ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধারের ঘটনায় ছায়া তদন্ত করছে পিবিআই, যাচাই হচ্ছে মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ তথ্য। বাসা থেকে বের হওয়ার আগে তাহসিফ সাউরি। ছবি-ভিডিও থেকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুর মতো কাছের ছোট ভাই শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছিলেন দ্বীপ। তাঁদের একসঙ্গে চলাফেরা, কোথায় কোথায় গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে কী ঘটেছিল—এসব তথ্য যাচাই-বাছাই করছে তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দ্বীপকে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে তথ্য সংগ্রহের জন্য পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে। যেহেতু তাঁরা দুজন একসঙ্গে ছিলেন, তাই কোথায় কোথায় গিয়েছিলেন এবং কী কী ঘটেছিল—দ্বীপের দেওয়া এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুর মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ-পুলিশকে সহযোগিতা করছে।

পিবিআই আরও জানায়, নদীর আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি নিহত তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। নৌ-পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও কাজ করছে। তদন্তে পাওয়া সব তথ্য নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

তুরাগ নদ থেকে উদ্ধার হয় তাহসিফের মরদেহ

গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তাহসিফের স্বজনরা জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর বয়সে ছোট হলেও বন্ধুস্থানীয় আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ বাসার নিচে এসে তাঁকে ডাকেন। এ সময় তাহসিফ তাঁর মাকে জানান, দ্বীপের সঙ্গে কথা বলে বাসায় ফিরে আসবেন।

তবে বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হচ্ছেন। দ্বীপও ছিলেন আলাদা একটি মোটরসাইকেলে।

রাত ১টা ৩৫ মিনিটে মায়ের ফোনে বার্তা

রাতে ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় তাঁর মা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে একটি বার্তা আসে। সেখানে লেখা ছিল, ‘মা, আসছি’। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি তাহসিফ।

তবে তাহসিফের এক নিকটাত্মীয় সমকালকে বলেন, সবশেষ পাঠানো ভয়েস মেসেজটি তাঁর কাছে তাহসিফের বলে মনে হয়নি। অন্যদিকে তাহসিফের বাবা জানিয়েছেন, ভয়েস মেসেজটি শুনে তাঁর মনে হয়েছিল, ছেলে ব্যস্ত ছিলেন।

দ্বীপের দাবি, রাত ১২টার দিকে আলাদা হন তাঁরা

যাঁর ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ, সেই বন্ধুস্থানীয় আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের দাবি, বাসা থেকে বের হওয়ার পর তাঁরা তাহসিফের মোটরসাইকেল মেরামতের জন্য একটি গ্যারেজে যান। সেখান থেকে উত্তরার একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান।

এরপর দুজন নিজ নিজ মোটরসাইকেলে ফিরছিলেন। উত্তরা হাউস বিল্ডিং এলাকা পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। দ্বীপ জানান, রাত আনুমানিক ১২টার দিকে দুজন আলাদা হয়ে যান। এরপর তিনি নিজ বাসায় ফিরে যান। তাহসিফের বিষয়ে আর কিছু জানেন না বলে দাবি তাঁর।

দ্বীপ একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর বাসা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় নৌ-পুলিশের তদন্তের পাশাপাশি পিবিআইয়ের ছায়া তদন্ত চলছে। দ্বীপের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত যাচাইয়ের মধ্য দিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছেন তদন্তসংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।