আওয়ামী লীগ সরকারের আমলের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ, প্রধান প্রকৌশলীকে তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। ফাইল ছবি
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অভিযোগের মুখে থাকা দুই কর্মকর্তা হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দ।
বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে অভিযোগ
শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিবাজ হিসেবে অভিযুক্ত সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও পেপার কাটিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সন্নিবেশ করে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও বিষয়টি খতিয়ে দেখতে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
আগেও হয়েছে তদন্ত
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই অভিযোগের বিষয়ে এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান শাখা থেকে তদন্ত করা হয়েছিল। তবে আগের তদন্তের ফলাফল এবং নতুন করে মন্ত্রণালয়ের নির্দেশনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুই প্রকৌশলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই প্রকৌশলীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে।
