তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে | মৃত্যুর ঘটনায় ছায়া তদন্ত করছে পিবিআই, জিজ্ঞাসাবাদে বন্ধুসম ছোট ভাই দ্বীপ। মাজার বস্তি এলাকা থেকে উদ্ধারকৃত মোটরসাইকেল। ছবি-সংগৃহীত
রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে সামনে এসেছে একটি নম্বরবিহীন মোটরসাইকেল। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি তাহসিফ সাউরির কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিবিআই। সংস্থাটি বলছে, ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় নৌ পুলিশের তদন্তে সহযোগিতার পাশাপাশি ছায়া তদন্ত চালানো হচ্ছে।
পিবিআই সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার আবু ইউসুফ জানান, উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের স্থান থেকে ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। নদ থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় নম্বরবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় যাচাই চলছে।
নৌ পুলিশের তদন্তে সহযোগিতা করছে পিবিআই
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় মূল তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
পিবিআই জানিয়েছে, পুলিশের অন্যান্য ইউনিটের মতো তারাও নৌ পুলিশকে সহযোগিতার জন্য কাজ করছে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর আগে বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আইফোনের মাধ্যমে শনাক্ত হয় পরিচয়
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে যায় টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। সেখানে নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা।
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের দাবি
এদিকে তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। সেখানে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণ করেছিলেন তাহসিফ।
তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেননি নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে দ্বীপ
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুসম কাছের ছোট ভাই শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পিবিআই। বৃহস্পতিবার রাতে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
পিবিআই জানিয়েছে, গত রাতে আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে তথ্য সংগ্রহের জন্য পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে। তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন বলে তাঁদের কোথায় কোথায় যাতায়াত ছিল, সে বিষয়ে দ্বীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তাহসিফের মরদেহ উদ্ধার, নম্বরবিহীন মোটরসাইকেলটির সন্ধান এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের দেওয়া তথ্য—সবকিছু মিলিয়ে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো। তবে এখন পর্যন্ত তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
