শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেতানিয়াহু আউট নাকি আইজেনকোট ইন, ঘোষণা রোববার

এএফপি
নভেম্বর ৬, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ছবি: এএফপি

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানিয়েছেন, নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে তা তিনি আগামী রোববার ঘোষণা করবেন। এই দৌঁড়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের জন্য সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গ্রহণের পর বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেন হারজগ। সেখানে ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকোটকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছে। সাতজন কোনো পক্ষেই মত দেননি।

তবে বৃহস্পতিবার হারজগ বলেন, ‘দলগুলোর সঙ্গে আলোচনার ফলাফল দেখে সরকার গঠনের বিষয়টি স্পষ্ট মনে হতে পারে। কিন্তু জোটগুলোর মধ্যকার পারস্পরিক ভেটোর কারণে বিষয়টি এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। আইন অনুযায়ী, কার সরকার গঠনের সক্ষমতা আছে, তা নির্ধারণের দায়িত্ব আমার।

ইসরায়েলি প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখন কয়েকটি দলের নেতার সঙ্গে ব্যক্তিগতভাবে সরাসরি আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত নির্ধারণের চেষ্টা করব।

আইজেনকটের দল ইয়াশার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের নাগরিকেরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর সরকারের প্রতি তারা সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন। এখন অবিলম্বে জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। যাতে সেই সরকার দেশের সব নাগরিকের জন্য কাজ শুরু করতে পারে।

নির্বাচনে আরব বংশোদ্ভূতদের রাজনৈতিক দল ও জোট রেকর্ড ১৯টি আসন পেয়েছে। তারা আইজেনকোটকে সমর্থনের কথা জানিয়েছে। তবে বিরোধী শিবিরের ডানপন্থি দল ‘ইসরায়েল বেইতেনু’ আরব দলগুলোর সমর্থনে গঠন করা সরকারে যোগ দিতে চায় না।

দলটির নেতা আভিগদর লিবারম্যান একসময় নেতানিয়াহুর মিত্র ছিলেন। পরে সমালোচকে পরিণত হন। লিবারম্যানের যুক্তি, আরব দলগুলো হামাসকে স্পষ্টভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেয়নি। বরং অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে তাদের সঙ্গে তিনি সরকারে যাবেন না।

হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা হয়। এরপর আরব দলগুলো বিভিন্ন সময় হামলাটির নিন্দা জানিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।