শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, দিল ৭ শর্ত

রয়টার্স
নভেম্বর ৬, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের মধ্যে আবারও সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে

যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো এ প্রস্তাব নিয়ে আলোচনার আগে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান। শর্তগুলো পূরণ না হলে কোনো আলোচনায় বসবে না বলেও জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের মধ্যে আবারও সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন।

নির্বাচনের পর ইরানে সামরিক অভিযান আবারও শুরু করার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধ শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই বলেন, কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে তেহরান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না এবং কোনো আলোচনাতেও বসবে না ইরান।

ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।

অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে, কোনো শর্ত পূরণের প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং যেকোনো প্রাথমিক আলোচনার শুরুতেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানে পাল্টা হামলা চালায় তেহরান।

পরে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত তীব্র হয়ে ওঠে। সম্প্রতি এ সংঘাতের বিস্তার ঘটেছে ইয়েমেনেও। সেখান থেকে ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।