সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে মা-মেয়েকে অপহরণের এক মাস, এখনো মেলেনি সন্ধান

মো. তাজ উদ্দিন
নভেম্বর ১৫, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

থানায় মামলা, তদন্তে পুলিশ—নিখোঁজ জিন্নাতুন ও দুই বছর বয়সী শিশু কন্যা; সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা পরিবারের। ছবি: সমতল মাতৃভূমি

দিনাজপুরের পার্বতীপুরে বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন জিন্নাতুন ও তাঁর দুই বছর চার মাস বয়সী কন্যা শিশু আরোশী জান্নাত। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো মা-মেয়ের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় এজাহার দায়ের করা হলেও এখন পর্যন্ত তাঁদের অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ। নিখোঁজ মা-মেয়েকে ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সুমন ইসলাম (৩৫), পিতা মৃত ওয়াজেদ আলী, গ্রাম বড় ভীমলপুর, ফুলবাড়ী, মুঠোফোনের মাধ্যমে বাদীর স্ত্রীর ব্যবহৃত নম্বরে কুপ্রস্তাব দিয়ে তাঁকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি বাদী ও তাঁর শ্বশুর-শাশুড়ি জানতে পেরে সুমনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তাঁদের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন সকালে বাদীর স্ত্রী জিন্নাতুন তাঁর একমাত্র কন্যা আরোশী জান্নাতকে সঙ্গে নিয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বের হন। পথে বৈগ্রাম মৌজার বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাকা সড়কে আগে থেকে ওত পেতে থাকা সুমন ও তাঁর সহযোগীরা জোরপূর্বক মা-মেয়েকে একটি মাইক্রোবাসে তুলে ফুলবাড়ীর দিকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর থেকে জিন্নাতুন ও তাঁর শিশুকন্যার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের উদ্ধার কিংবা অবস্থান শনাক্তের বিষয়ে দৃশ্যমান অগ্রগতির অপেক্ষায় রয়েছে পরিবার।

এ বিষয়ে ১৫ নভেম্বর (রোববার) মুঠোফোনে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদের সঙ্গে কথা হলে তিনি জানান, তাঁদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আশা করছেন, অল্প সময়ের মধ্যেই নিখোঁজ ভুক্তভোগীকে খুঁজে পাওয়া যাবে।

এদিকে নিখোঁজ মা-মেয়ের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ তাঁদের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এক মাস ধরে নিখোঁজ মা-মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার। তাঁদের সন্ধানে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।