শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিকনিকের আড়ালে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ

মিয়াদুল ইসলাম
নভেম্বর ৬, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাংনীতে ৮ নভেম্বর গোপন বৈঠকের পরিকল্পনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শিক্ষক সমিতির। ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে পিকনিক আয়োজনের আড়ালে সংঘবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত একদল প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। আগামী ৮ নভেম্বর গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অধীনস্থ ‘ধানসিঁড়ি রিসোর্টে’ এ আয়োজনের নামে গোপন বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতির পক্ষ থেকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাভেদ মাসুদ মিল্টনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে প্রস্তাবিত আয়োজনের বিষয়ে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপিপন্থী শিক্ষকরা নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ওই সময়ে মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক জেলা সভাপতি এবং গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সে সময় শিক্ষকসমাজের একটি অংশ নানা প্রতিকূলতার মুখে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীদের দাবি, বর্তমানে গোলাম ফারুক রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপিপন্থী পরিচয় ধারণ করেছেন এবং আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষকের সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়েছেন। আগামী ৮ নভেম্বর পিকনিকের আড়ালে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের একত্র করে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এমন পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় শিক্ষকসমাজের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে শিক্ষক সমিতি। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। অভিযুক্ত শিক্ষকদের বক্তব্যও পাওয়া যায়নি।

লিখিত অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, জেলা যুবদলের আহ্বায়ক কাউসার আলী, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আকতারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং সমিতির অন্যান্য সহকারী শিক্ষক।

এ সময় মেহেরপুর জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বলেন, পিকনিকের নামে কোনো ধরনের নীলনকশা বা ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষক সমিতির নেতারা অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পিকনিকের নামে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সে বিষয়ে আগাম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগে যেসব শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে

১. পারভেজ সাজ্জাদ রাজা — গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২. মাহবুবুর রহমান কাজল — গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩. তানজিদুর রহমান মুক্তি — নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪. দানেছুর রহমান — মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫. মাজহারুল ইসলাম — বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬. তারিকুজ্জামান তারিক — শহড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৭. হামিজ উদ্দিন — আজান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮. আবু জাহিদ — জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৯. সাজেদুল আলম শাহীন — ধানখোলা মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১০. শাহাবুর রহমান — পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১১. সাজ্জাদ হোসেন — রুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১২. তৌহিদুর রহমান কনক — ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৩. এনামুল হক — তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।