বৈঠকের আগে ভ্লাদিমির পুতিন ও মোহসেন রেজাই। বৃহস্পতিবার মস্কোতে। ছবি: এএফপি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতা ফের জোরদার হয়েছে। এমন সময় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে রাশিয়া গেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে তিনি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি চিঠি পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার মস্কোতে ওই বৈঠক হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। বৈঠকের পর রেজাই বলেন, পুতিনের সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে রাশিয়ার সমর্থনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান রেজাই বলেন, আলোচনায় জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ইস্যু ছিল। যেমন- রাশিয়া থেকে ইরান পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ করা।
এরপর মোজতবা খামেনির চিঠির প্রসঙ্গ তোলেন রেজাই। তিনি বলেন, সর্বোচ্চ নেতা তাঁর একটি চিঠি যত দ্রুত সম্ভব পুতিনের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন। প্রায় এক মাস আগে মস্কো সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে আঞ্চলিক সামরিক পরিস্থিতির কারণে সফর পিছিয়ে যায়।
চিঠিতে কী লেখা ছিল, সে বিষয়ে কিছু জানাননি নিরাপত্তা প্রধান। গত বুধবার এক লিখিত বিবৃতিতে খামেনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে সামান্যতম নতি স্বীকারের মনোভাব থাকা উচিত নয়। পূর্ণাঙ্গ প্রতিরোধ ক্ষমতা অর্জনের লক্ষ্যে ইরানকে আরও শক্তিশালী হতে হবে।
