সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পোশাকশিল্পে নির্ভর না থেকে রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গ্লোবাল সোর্সিং এক্সপো’ উদ্বোধন করা হয়। ছবি:সংগৃহীত

শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে বহুমুখী পণ্য সংগ্রহের নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তবে রপ্তানি বাণিজ্যের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে প্রচলিত পণ্যের পাশাপাশি নতুন নতুন শিল্প ও উৎপাদন খাতকে এগিয়ে নিতে হবে। এজন্য পণ্যের বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান করতে হবে। দেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের প্রদর্শনীতে ১২টি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শনের জন্য রাখা হয়েছে ২৪০টি স্টল। গত বছরের তুলনায় এবার প্রদর্শনীর পরিসর বেড়েছে। তৈরি পোশাক ও বস্ত্র, চামড়াজাত পণ্য, পাট ও হস্তশিল্প, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক, আসবাবপত্র, ওষুধ, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতা ও ব্যাবসায়িক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এর মাধ্যমে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সরাসরি যোগাযোগ এবং নতুন ব্যাবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এতে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, বিটুবি ব্যাবসায়িক বৈঠক, কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং কার্যক্রম ও ফ্যাশন শো’র আয়োজন রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিদেশি ক্রেতারা বাংলাদেশের উৎপাদন সক্ষমতা সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এ সময় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।