সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভূমি অফিসে ঘুষের ‘মহোৎসব’ শত কোটি টাকার সম্পদের অভিযোগ নায়েব মজিবরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

নামজারিতে পদে পদে হয়রানি, টাকা না দিলেই নেতিবাচক প্রতিবেদন—দুদকের ঝটিকা অভিযানের দাবি ভুক্তভোগীদের। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘির পাড়ে সফরআলী সরকারি কলেজসংলগ্ন আবাসিক এলাকায় সারি সারি বহুতল ভবন। গলির ভেতরে ঢুকতেই চোখে পড়ে একাধিক দৃষ্টিনন্দন অট্টালিকা। একটি ভবনের তৃতীয় তলায় ঝুলছে ‘ইনফরমেশন টেকনিক্যাল ভিশন সোসাইটি (আইটিভিএস)’র সাইনবোর্ড। নিচতলায় রয়েছে ‘জাতীয় মহিলা সংস্থা’র সাইনবোর্ড। ভবনগুলোর বিভিন্ন অংশ ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয়দের কাছে জানতে চাইলে একবাক্যে উত্তর আসে—এসব মজিবরের বাড়ি।

তবে স্থানীয়দের কাছে তিনি শুধু মজিবর নন, পরিচিত ‘মাইগ্যা মজিব’ নামে। একসময় হতদরিদ্র পরিবারের এই মজিবর স্থানীয় বিত্তশালীদের ফুট-ফরমায়েশ খাটতেন বলে এলাকাবাসীর ভাষ্য। সময়ের ব্যবধানে সেই মজিবরের জীবনযাত্রায় এসেছে নাটকীয় পরিবর্তন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ভূমি অফিসের দায়িত্বকে কাজে লাগিয়ে মাত্র এক দশকের ব্যবধানে তিনি গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য। বহুতল ভবন, ফ্ল্যাট, প্লট, গাড়ি ও ব্যবসা—কোনো কিছুতেই যেন কমতি নেই।

বর্তমানে তিনি নারায়ণগঞ্জের কাচপুর সার্কেলাধীন সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) হিসেবে কর্মরত। এর আগে দায়িত্ব পালন করেছেন রূপগঞ্জ ভূমি অফিসে। অভিযোগ রয়েছে, রূপগঞ্জে দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জমি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির দখল এবং মালিকানা-সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলোতে ভূমি-সংক্রান্ত নথি ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে মজিবরের সম্পদের চেয়েও বর্তমানে বেশি আলোচনায় তার বিরুদ্ধে ওঠা ঘুষ, দুর্নীতি, নামজারিতে হয়রানি এবং কৃত্রিম জটিলতা তৈরির অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, নিষ্কণ্টক জমির নামজারি করতে গিয়েও তাদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। ঘুষ না দিলে সার্ভে প্রতিবেদনে কখনো লেখা হচ্ছে—‘আবেদনকারীর জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি’, আবার কখনো উল্লেখ করা হচ্ছে—‘জমিটিতে ওয়ারিশ দাবিদার রয়েছে’। ফলে সাধারণ নামজারির আবেদনও পরিণত হচ্ছে দীর্ঘসূত্রতা ও হয়রানির ঘটনায়।

টাকা ছাড়া মেলে না নামজারির সেবা

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, জমির নামজারি, খাজনা পরিশোধসহ ভূমি-সংক্রান্ত যেকোনো কাজে মজিবরের কাছে গেলে টাকা ছাড়া সেবা পাওয়া কঠিন। চাহিদামতো টাকা না দিলে দুর্ব্যবহার, অকারণ হয়রানি এবং নানা ধরনের কৃত্রিম জটিলতা তৈরি করা হয়। অনলাইনে নামজারির আবেদন করেও প্রতিকার মিলছে না। আবেদন দীর্ঘদিন পেন্ডিং থাকলে শেষ পর্যন্ত ভুক্তভোগীদের সশরীরে ভূমি অফিসে হাজির হতে হয়।

অভিযোগ রয়েছে, মজিবরের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত অর্থ না দিলে আবেদন নামঞ্জুরের সুপারিশসহ নেতিবাচক মন্তব্য দিয়ে এসি (ল্যান্ড) কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ঘুষ গ্রহণের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কৌশল। সরাসরি টাকা লেনদেন এড়িয়ে চলতে দরদাম ও অর্থ সংগ্রহের জন্য রয়েছেন তার এক ভাতিজা। এ ছাড়া কয়েকজন বহিরাগত ব্যক্তিও তার হয়ে কাজ করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, নিষ্কণ্টক ১ থেকে ৩০ শতাংশ জমির নামজারি প্রস্তাব উপজেলা ভূমি অফিসে পাঠাতে শতাংশপ্রতি ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। জমির পরিমাণ বেশি হলে ঘুষের অঙ্কও বাড়ে। অন্যদিকে ‘খ’ তফসিলভুক্ত জমির নামজারির ক্ষেত্রেও শতাংশপ্রতি কমপক্ষে পাঁচ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

নামজারিতে ভুল, তিনবার প্রতিবেদন—গুনতে হয়েছে ১৮ হাজার টাকা

ঘুষ দাবির অভিযোগের পক্ষে কয়েকটি নির্দিষ্ট নামজারি আবেদনের তথ্য তুলে ধরেছেন ভুক্তভোগীরা।

কাচপুর ইউনিয়নের বাঘুরি গ্রামের আব্দুল মালেকের নামজারি আবেদন নম্বর ৫৮০৮৩৭৮। নামজারি মামলা নম্বর ৭৫৬৮/২২-২৩ এবং খতিয়ান নম্বর ১৪২৮। অভিযোগ অনুযায়ী, প্রতিবেদনে ভুলের কারণে পরপর তিনবার প্রতিবেদন পাঠাতে হয়। প্রতিবার ছয় হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা দিতে হয়েছে তাকে।

একইভাবে সাদীপুর ইউনিয়নের নানাখি গ্রামের আব্দুল মতিন, পিতা ক্বারী দীন মুহাম্মদের নামজারি আবেদন নম্বর ১১৬৮৮০৬৩৭ এবং মিউটেশন মামলা নম্বর ৩১১৬/২৫-২৬-এর প্রতিবেদন পাঠাতেও ২২ হাজার টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগী।

জমি থাকা সত্ত্বেও ‘জমি নেই’—এ কেমন প্রতিবেদন?

চলতি বছরের জানুয়ারিতে নামজারি মামলা নম্বর ৮৩৭৮/২৫-২৬, ৮৩৮২/২৫-২৬ ও ৮৩৮৩/২৫-২৬-এর প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে চাহিদামতো টাকা না দেওয়ায় নেতিবাচক মন্তব্য দিয়ে আবেদন নামঞ্জুরের সুপারিশ করা হয় বলে অভিযোগ।

পরবর্তী সময়ে একই ভুক্তভোগীরা গত ১২ সেপ্টেম্বর পুনরায় নামজারির আবেদন করেন। মামলা নম্বর যথাক্রমে ৩৪৭৭/২৬-২৭, ৩৪৫৬/২৬-২৭ ও ৩৪৬৪/২৬-২৭। অভিযোগ, এসব আবেদনেও নায়েব মজিবর রহমান নেতিবাচক প্রতিবেদন পাঠান।

ভুক্তভোগীরা সরাসরি এসি (ল্যান্ড) কার্যালয়ে যোগাযোগ করলে আবেদনগুলো পুনরায় মজিবরের কাছে পাঠানো হয়। এরপর তিনি আরএস ১৬২৪ দাগে কোনো জমি খালি নেই বলে মন্তব্যসহ প্রতিবেদন পাঠান।

কিন্তু ভুক্তভোগীদের দাবি, পরবর্তী সময়ে ওই দাগের নামজারির খসড়া কপি সংগ্রহ করে তারা দেখতে পান, জমির পরিমাণের হিসাব সঠিক থাকলেও বালাম বহিতে অতিরিক্ত জমি ‘মাইনাস’ দেখিয়ে খালি জমি নেই বলে উল্লেখ করা হয়েছে। তাদের অভিযোগ, এভাবে খতিয়ান থেকে অতিরিক্ত জমি বাদ দেখিয়ে নামজারিতে কৃত্রিম জটিলতা তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে এসি (ল্যান্ড) কার্যালয়ে পুনরায় অভিযোগ জানানো হলে আবেদন ফেরত পাঠানো হয়। এরপরও সমস্যার সমাধান না হয়ে বরং নতুন জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এক দাগের জমি অন্যজনের নামে, মালিকানা নিয়েও প্রশ্ন

এ ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। তার দাবি, ঘুষ না দেওয়ায় নায়েব মজিবরের নেতিবাচক প্রতিবেদন ও ভুল সুপারিশের কারণে তার জমির নামজারি জটিল হয়ে পড়েছে।

শহিদুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা ১৬৯৫১৬২৫ নম্বর আবেদনের বিপরীতে মিউটেশন মামলা নম্বর ৩৪৭৭/২৬-২৭ এবং নামজারি খতিয়ান নম্বর ২০২৬১০০৩৭০ অনুযায়ী গত ১২ নভেম্বর নামজারি সম্পন্ন হয়।

নামজারির কপি হাতে পাওয়ার পর তিনি দেখতে পান, নিজের নামে ৪৯ দশমিক ০৯ শতাংশ এবং তার মা লুৎফুন নাহারের নামে পাঁচ শতাংশসহ চারটি দাগে মোট ৫৪ দশমিক ০৯ শতাংশ জমির জন্য আবেদন করেছিলেন। কিন্তু আরএস ১৬২৪ দাগের ১৯ দশমিক ৩৪ শতাংশ জমি নামজারি থেকে বাদ দেওয়া হয়েছে।

তার দাবি, বণ্টননামা দলিল অনুযায়ী তার মা লুৎফুন নাহারের পাঁচ শতাংশ জমি ওই আরএস ১৬২৪ নম্বর দাগেই রয়েছে। অথচ যে তিনটি দাগে নামজারি দেওয়া হয়েছে, সেখানে তার মায়ের কোনো অংশ নেই। নামজারি খতিয়ানে মায়ের নাম থাকলেও প্রকৃত মালিকানার সঙ্গে তার কোনো মিল নেই বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা ১৬৯৪৬২৮৯ নম্বর আবেদন এবং মিউটেশন মামলা নম্বর ৩৪৫৬/২৬-২৭-এর মাধ্যমে ১৪ শতাংশ জমির নামজারির আবেদন করা হয়েছিল। কিন্তু নামজারি দেওয়া হয়েছে ১৩ দশমিক ২২ শতাংশ জমির। অর্থাৎ দশমিক ৭৮ শতাংশ জমি কম দেখানো হয়েছে।

শহিদুল ইসলামের অভিযোগ, নায়েব মজিবরকে ঘুষ না দেওয়ায় উল্টাপাল্টা প্রতিবেদন দিয়ে তার নামজারির বিষয়টি আরও জটিল করে তোলা হয়েছে। এখন এই সমস্যার সমাধান কীভাবে হবে, তা নিয়েও তিনি উদ্বিগ্ন।

নামে-বেনামে শত কোটি টাকার সম্পদের অভিযোগ

তথ্যানুসন্ধানে পাওয়া তথ্য ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নায়েব মজিবর রহমানের সম্পদের বিস্তার শুধু আড়াইহাজারেই সীমাবদ্ধ নয়। নিজ এলাকায় বহুতল ভবন, নারায়ণগঞ্জ শহরে একাধিক বাড়ি, ঢাকার গুলশানে ফ্ল্যাট, জমি ও ব্যবসায়িক সম্পদের মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের পাশে দিঘির পাড় এলাকায় তার তিনটি পাঁচতলা বাড়ি রয়েছে। এসব সম্পদের কিছু নিকটাত্মীয়ের নামে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করতে অন্য আত্মীয়ের নামে সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের ভাষ্য।

এ ছাড়া ভগ্নিপতির নাম সামনে রেখে গার্মেন্টস ব্যবসা পরিচালনা এবং ব্যক্তিগত ব্যবহারের গাড়িটি অন্য আত্মীয়ের নামে নিবন্ধিত থাকার অভিযোগও রয়েছে। ফলে কাগজপত্রে প্রকৃত মালিকানা শনাক্ত করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে এসব সম্পদের প্রকৃত পরিমাণ, মালিকানা এবং অর্থের উৎস স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগগুলোর সত্যতা নিরূপণে সম্পদ বিবরণী, আয়কর নথি, জমির দলিল, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।

রাজনৈতিক প্রভাব ও বদলি-ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন

অভিযোগ রয়েছে, রূপগঞ্জের মুড়াপাড়া ভূমি অফিসে দায়িত্ব পালনকালে তৎকালীন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে মজিবরের ঘনিষ্ঠতা তৈরি হয়। গাজীর ঢাকার বাসায়ও তার নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রের দাবি।

ভুক্তভোগীদের ভাষ্য, সাধারণ মানুষ ভূমি-সংক্রান্ত কাজে তাকে ফোনে না পেলেও রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি সক্রিয় থাকতেন। এ নিয়ে তার বিরুদ্ধে এলাকায় নানা আলোচনা রয়েছে।

এমনকি রূপগঞ্জে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা পড়েছিল বলেও জানা গেছে। তবে সেসব অভিযোগের অনুসন্ধান বা পরবর্তী অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, বদলি কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো হলেও বাস্তবে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান হয়নি। তাদের আশঙ্কা, প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক প্রভাবের কারণে অভিযোগগুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

শিল্পাঞ্চলে ঘুষের চাপ, বিপাকে সাধারণ জমির মালিক

নারায়ণগঞ্জের কাচপুর সার্কেল একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা জমি-সংক্রান্ত কাজে সংশ্লিষ্টদের কাছে ঘুষের অঙ্ক অনেক সময় বড় হলেও তা বহন করা তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া অল্প জমির মালিক কিংবা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য এই অর্থ বড় বোঝা।

ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে তাদের একদিকে যেমন অর্থ খরচ করতে হচ্ছে, অন্যদিকে হয়রানি ও দালালনির্ভরতার ঝুঁকিও বাড়ছে। অনেকেই নাম প্রকাশ করতে চান না। কারণ, অভিযোগ করার পর ভবিষ্যতে আরও বেশি হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের দাবি, মজিবরের কথিত দালালচক্রের মাধ্যমে কাজ না করালে নামজারির প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয় এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের পরিস্থিতি তৈরি হয়।

দুদকের ঝটিকা অভিযান চান ভুক্তভোগীরা

দীর্ঘদিনের অভিযোগ ও হয়রানিতে অতিষ্ঠ ভুক্তভোগীরা এবার সরাসরি দুদকের হস্তক্ষেপ চাইছেন। তাদের দাবি, কাচপুর সার্কেলের সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসে দুদকের টাস্কফোর্সের ঝটিকা অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে নায়েব মজিবরের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণ, নামজারিতে অনিয়ম, জালিয়াতি ও কৃত্রিম জটিলতা সৃষ্টির অভিযোগ তদন্ত করা হোক।

তারা আরও দাবি জানিয়েছেন, মজিবর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের উৎস অনুসন্ধান, আয়-ব্যয়ের হিসাব যাচাই এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে ঘুষ গ্রহণ, দুর্নীতি, নামজারিতে কৃত্রিম জটিলতা সৃষ্টি এবং ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আজ রোববার সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মজিবর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে একাধিকবার ফোন করা হয় এবং খুদে বার্তাও পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে  যথাযথভাবে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।