শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মসলার আড়ালে হংকং থেকে আসছে শিশা, ৩০ কেজি জব্দ ক্রেতা সেজে অর্ডার, গ্রেপ্তার আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজন

সমতল মাতৃভূমি ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল শিশা। দুই মাসের গোয়েন্দা নজরদারি ও কৌশলগত অভিযানে এই চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বংশালের নর্থ সাউথ রোডের এএস সুন্নাহ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সোলায়মান আহমেদ শুভ, উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদ এবং উত্তরা ১১ নম্বর সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মেহেদী হাসান। এ ঘটনায় সালমান নিবিড় নামে আরও একজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে অধিদপ্তর। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান সমকালকে বলেন, শিশা আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গত দুই মাস ধরে নজরদারি চালানো হয়। একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। এরপর চালান সংগ্রহের কার্যক্রম পর্যবেক্ষণ করে বুধবার রাতে বংশালের নর্থ সাউথ রোডে এএস সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

সেখান থেকে সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়। পরে তার দেখানো মতে প্রতিষ্ঠানের ভেতরে তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছ থেকে তিনি শিশাগুলো সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে সেগুলো পৌঁছাত সোলায়মানের কাছে।

ডিএনসির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড়ের সঙ্গে শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সোলায়মানের দাবি, সালমানসহ তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে এ ব্যবসা চালিয়ে আসছেন। এই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।