শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলামপুরে মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিরসনে কমিউনিটি পুলিশিং সভা

মো. হারুন চৌধুরী
নভেম্বর ১৪, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

শান্তি-শৃঙ্খলা ফেরাতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ উদ্যোগ, অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। ছবি: সমতল মাতৃভূমি

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকায় মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দীর্ঘদিনের সামাজিক দ্বন্দ্ব নিরসনে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ কমিউনিটি পুলিশিং সভা। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় আলামপুর পুলিশ ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং বিবদমান পক্ষগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অস্থিতিশীল। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আমি এখানকার দুটি পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমরা সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি চাই। এরপরও যারা আমাদের কথা শুনবেন না বা অন্যায় করবেন, আমরা তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেব।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথিরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, মাদকমুক্ত জনপদ গড়ার পাশাপাশি স্থানীয় সামাজিক দ্বন্দ্ব নিরসনই এ সভার মূল উদ্দেশ্য। বিবদমান বিষয়গুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং তা আর বৃদ্ধি না পায়, সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশিং কমিটির সভাপতি আলী আহসান হাসান বলেন, এখানকার দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু হলো সামাজিক প্রভাব বিস্তার। আমরা যদি ব্যক্তিগত অহংকার বা ইগো থেকে বেরিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করতে পারি, তবেই এসব হানাহানি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমাদের প্রধান এজেন্ডা হলো মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জনসচেতনতা সৃষ্টি করা এবং সামাজিক কলহপূর্ণ এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ও শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করে। এসব সমস্যা মোকাবিলায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত বক্তারা আলামপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, মাদকের বিস্তার রোধ এবং সামাজিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসন ও পুলিশের এমন উদ্যোগের ধারাবাহিকতা এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় আলামপুর থেকে মাদক ও সামাজিক বিরোধের অবসান ঘটবে। প্রতিষ্ঠিত হবে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ সামাজিক পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।